করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১৪ এপ্রিল থেকে সারাদেশে কঠোর লকডাউন জারি করে সরকার। তখন থেকেই গণপরিবহন বন্ধ রয়েছে।
আগামী ৬ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে জেলার ভেতর গণপরিবহন চালুর চিন্তা-ভাবনা করছে সরকার। এক্ষেত্রে অবশ্য বেশ কিছু শর্ত মেনে চলতে হবে।
সোমবার (৩ মে) বিআরটিএ ও বিআরটিসি কর্মকর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল মতবিনিময় সভায় এ কথা জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, জেলার গাড়িগুলো জেলাতেই চলবে, জেলার বাইরে যেতে পারবে না। সিটির ক্ষেত্রে সিটির গাড়িগুলো সিটির বাইরে যেতে পারবে না। বাস ছাড়ার আগে পুরো বাসে জীবাণুনাশক ছিটাতে হবে। বাসের যাত্রী, চালক ও সহকারীকে শতভাগ স্বাস্থ্যবিধি মানতে হবে ও অর্ধেক সিট খালি রাখতে হবে।
তিনি আরও বলেন, পরিবহনগুলোকে অবশ্যই অর্ধেক আসন খালি রেখে নতুন সমন্বয়কৃত ভাড়ায় চলতে হবে। অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। পরিবহন শ্রমিক ও যাত্রীদের মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করতে হবে।
এ ব্যাপারে শিগগিরই বিস্তারিত জানিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান ওবায়দুল কাদের।
বার্তাবাজার/নব