অন্যত্র বিয়ের সিদ্ধান্ত, বাড়িতে এসে প্রেমিকাকে খুন

সিরাজগঞ্জে প্রেমিকের ছুরিকাঘাতে প্রেমিকার মৃত্যুর ঘটনা ঘটেছে। এদিকে এ ঘটনার পর থেকেই প্রেমিক সঞ্জয় সরকার (১৮) পলাতক রয়েছে।

সোমবার (৩ মে ২০২১) সকালে জেলার বেলকুচি উপজেলার শোলাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত প্রেমিকা পূজা সরকার (১৬) স্থানীয় নবম শ্রেণির ছাত্রী এবং ওই গ্রামের পবিত্র সরকারের মেয়ে।

এ প্রসঙ্গে বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, সঞ্জয় সরকারের সঙ্গে পুজা সরকারের প্রেমের সম্পর্ক ছিলো। পুজার বাবা অন্যত্র মেয়ের বিয়ের সিদ্ধান্ত নিলে সঞ্জয় ক্ষিপ্ত হয়ে ওঠে। সঞ্জয় সোমবার সকালে পুজাকে তার বাড়ির ওঠানে ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে। পুজার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করে। কিন্তু তার আগেই পুজা মারা যায়।

এসময় সঞ্জয় নিজের শরীরেও ওই ছুরি দিয়ে আঘাত করে এবং ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুজার মরদেহ উদ্ধার করেছে। সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

এ ঘটনায় পুজার বাবা পবিত্র সরকার বাদি হয়ে একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।

এম এ মালেক/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর