সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপারসহ তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ৪ জন।
সোমবার (৩ মে ২০২১) সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে তাড়াশ উপজেলার মহিষলুটি বাজার ও ৯নং ব্রিজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উল্লাপাড়া উপজেলার পাগলা মধ্যপাড়া এলাকার ছলিম উদ্দনের ছেলে মো. শাহিন হাসান (৪৪), সলঙ্গা থানার চড়িয়া সিকার গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সাদ্দাম হোসেন (৩২) ও ট্রাকের হেলপার। হেলপারের পরিচয় এখনও পাওয়া যায় নি।
বিষয়টি হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী নিশ্চিত করে জানান, সকালে ৯ নম্বর ব্রীজ এলাকায় একটি ট্রাক ও জননী কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন ঘটনাস্থলেই মারা যায়। এবং তিনজন আহত হয়।
অপরদিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটি এলাকায় রাজশাহীগামী সংবাদপত্র পরিবহনের একটি গাড়িকে পিছন থেকে একটি পাথর বোঝাই ট্রাক ধাক্কা দেয়। এ সময় সামনে থাকা অপর একটি ট্রাকের সাথে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায় সংবাদপত্রের গাড়িটি।
এতে শাহিন হাসান নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান ও গুরুতর আহত হয় সাদ্দাম হোসেন। পরে সাদ্দাম হোসেনকে হাসপাতালে নেওয়া পথে মারা যায়। খবর পেয়ে পুলিশ দুটি মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে এসেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এম এ মালেক/বার্তাবাজার/পি