ভরণপোষণের দাবিতে আপন ছেলের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের মেয়ে বৃদ্ধা হাছিনা হক।
রোববার (২ মে) তিনি তার ছোট ছেলে শরিফুল ইসলামের বিরুদ্ধে যশোরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন। এছাড়া হাছিনা হক যশোর শহরের নীলগঞ্জ সাহাপাড়ার মৃত হাজী ইসহাকের স্ত্রী।
বিচারক সাইফুদ্দীন হোসাইন অভিযোগটি গ্রহণ করে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন।
এ তথ্য নিশ্চিত করেছেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইনের আদালতে পেশকার আব্দুল হালিম।
মামলার অভিযোগসূত্রে জানা যায়, ২০১৯ সালের ৯ অক্টোবর হাছিনা তার পুত্রসন্তানদের মাঝে জমিজমা সংক্রান্ত এফিডেভিট সম্পাদন করেন। তার বাড়ির দ্বিতীয়তলার বসবাসের ফ্লাট ওই এফিডেভিটে নিজের বসবাসের জন্য নির্ধারিত ছিল। একইসঙ্গে প্রত্যেক ছেলে প্রতিমাসে তাকে ২ হাজার টাকা করে ভরণপোষণ দেবেন বলে এফিডেভিটে উল্লেখ ছিল। কিন্তু ছোট ছেলে শরিফুল ইসলাম মা হাছিনা হককে তার নির্ধারিত দ্বিতীয়তলার ফ্লাট থেকে জোর করে নামিয়ে দেয়। একইসঙ্গে মাসে দুই হাজার করে টাকাও দিতে অপারগতা প্রকাশ করেন।
মামলায় অভিযোগে আরো জানা যায়, ওই ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র ও তার বাবা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদকে দেওয়া সরকারের বিভিন্ন বীরত্বসূচক পুরস্কারগুলোও ছোট ছেলে ছিনিয়ে নেয়। তাই তিনি বাধ্য হয়ে সেজ ছেলের বাড়িতে আশ্রয় নিয়েছেন। এখন মামলার মাধ্যমে আদালতে তিনি ন্যায় বিচার প্রত্যশা করেন।
বার্তাবাজার/ই.এইচ.এম