মধুপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২ মে) বিকেলে উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের ভবানীটেকী লেংরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- ওই এলাকার সেলিম রানার মেয়ে সাফা মনি (৬) এবং জামাল উদ্দিনের ছেলে হোসাইন (৫)। নিহতরা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

এ ব্যাপারে ৬নং মির্জাবাড়ী ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য তোতা মিয়া বলেন, নিহতরা ভবানীটেকী লেংরা বাজার এলাকার একটি পুকুরে গোসল করতে নামে। গোসল করার একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরে স্থানীয় এক ব্যক্তি ওই পুকুরে গরুকে গোসল করাতে গেলে প্রথমে তিনি হোসাইনকে ভেসে থাকতে দেখেন। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে সাফা মনিকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। পরে স্থানীয়রা সন্ধ্যায় ওই পুকুরে নেমে সাফা মনিরের মরদেহ উদ্ধার করে।

তিনি আরো বলেন, নিহতের দুইজনের মরদেহ দাফন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হাসান শিকদার/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর