ইউনিয়ন পরিষদকে টর্চার সেল বানিয়ে মেম্বারদের নির্যাতন করেন চেয়ারম্যান!
ইউনিয়ন পরিষদকে টর্চার সেল বানিয়ে ইউপি সদস্যদের নির্যাতন ও বিভিন্ন প্রকল্পের চেয়ারম্যান করে জোর পূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানর বিরুদ্ধে। অভিযুক্ত মোঃ আনোয়ার হোসেন মৃধা পটুয়াখালীর দশমিনা উপজেলার ৫ নম্বর বহরমপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।
এসব ঘটনায় ওই ইউনিয়ন পরিষদের ৮ জন সদস্য রোববার (২ মে) চেয়ারম্যানের বিচার দাবীতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার বহরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন মৃধা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে পরিষদের সদস্যদের বিভিন্ন প্রকল্পের চেয়ারম্যান নির্বাচিত করে তার পরিষদে র্টচার সেলে আটকে রেখে জোর পূর্বক চেকে ও রেজুলেশনে স্বাক্ষর নিয়ে টাকা উত্তোলন করে নিয়ে যান। এছাড়াও তিনি ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যদের পাশ কাটিয়ে তার নিজস্ব বাহিনী দিয়ে ভিজিডি,ভিজিএফ,এলজিএসপি,এডিপি সহ-বিভিন্ন ভাতার তালিকা ও প্রকল্প তৈরি করে কাজ করেন। যা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নির্বাচিত সদস্যদের জন্য অপমান জনক।
ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নাসির উদ্দিন জানান, ইউনিয়ন পরিষদের কোন কাজেই সদস্যদের সম্পৃক্ত করা হয় না চেয়ারম্যান তার নিজস্ব বাহিনীর লোকজন নিয়ে ইউনিয়নের কার্যক্রম চালান।
১,২,৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যা করিমজান বেগম জানান, নির্বাচিত ইউনিয়ন পরিষদের মেয়াদ ৫ বছর অতিবাহিত হলেও এখনো পরিষদের কোন মিটিং হয়নি।
৫ নম্বর ওর্য়াডের সদস্য মুজাহিদুল ইসলাম মিলটন জানান, ট্যাক্স ও রাজ¦স্ব খাতের লাখ লাখ টাকা উত্তোলন হলেও পরিষদ থেকে ইউপি সদস্যদের সম্মানি ভাতার টাকা দেওয়া হয়নি।
৭,৮,৯ নম্বর ওর্য়াডের সদস্য ছালমা বেগম জানান, গত ১৮ এপ্রিল অফিস চলাকালিন চেয়ারম্যানের কাছে টিআর,কাবিখা,জেলে নাম সহ রেশন কার্ডের বিষয়ে জানতে চাইলে তিনি ইউপি সদস্যদের হুমকি ধামকি দিয়ে পরিষদের র্টচার সেলে নিয়ে বিভিন্নভাবে নির্যাতন চালিয়ে রেজুলেশন খাতা সহ বিভিন্ন অফিসিয়াল কাগজপত্রে জোর পূর্বক স্বাক্ষর আদায় করেন।
এসব ব্যাপারে অভিযুক্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধা জানান, আমার বিরুদ্ধে সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে, তদন্তে সবকিছু পরিস্কার হয়ে যাবে।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার আল আমিন জানান, ইউপি সদস্যদের অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হবে
বার্তা বাজার/এসজে