করোনার প্রতি টিকায় ৭৭ টাকা লাভ করেছে বেক্সিমকো

ভারত থেকে আমদানিকৃত সেরাম ইনস্টিটিউটের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার প্রতি টিকায় ৭৭ টাকা লাভ করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।

রোববার (২ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর ওয়েবসাইটে উল্লেখ করা হয়, চলতি বছেরের জানুয়ারি থেকে মার্চ মাসে এই সময়ের মধ্যে বেক্সিমকো সরকারকে ৫০ লাখ করোনার টিকা সরবরাহ করে ৩৮ কোটি ৩৭ লাখ টাকা লাভ করেছে। সে হিসেবে টিকাপ্রতি কোম্পানি আয় করেছে ৭৬.৭৪ টাকা।

রোববার বেক্সিমকো ফার্মার তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদন অনুযায়ী কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.২৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ২.০২ টাকা। আর তিন প্রান্তিক মিলে অর্থাৎ ৯ মাসে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮.২৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ৫.৮৪ টাকা।

জানুয়ারি ও ফেব্রুয়ারিতে আমদানিকৃত করোনার টিকা সরকারকে সরবরাহ করেছে বেক্সিমকো। ৬ মাসের মধ্যে ৩ কোটি ডোজ করোনার টিকা আমদানির কথা থাকলেও বর্তমানে ভারত থেকে সেরাম ইনস্টিটিউটের তৈরি টিকা রফতানি বন্ধ রয়েছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর