রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে নারীসহ জাল টাকা তৈরী চক্রের ২ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও তার সঙ্গীদের আটক করেছে ডিবি পুলিশ।
কামরাঙ্গীরচরের একটি বাসায় জাল টাকা বানানোর কারখানা বানিয়েছিল তারা। আসন্ন ঈদকে সামনে রেখে তারা জাল টাকা বানানোর একটি বড় পরিকল্পনা নিয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২ মে) সকাল ১১টার দিকে তাদেরকে আটক করা হয়। সাথে জব্দ করা হয় জাল ৪৬ লাখ টাকা ও জাল টাকা তৈরির সামগ্রী জব্দ করা হয়েছে।
আটককৃতদের প্রধান হোতার নাম জীবন। এছাড়া পিয়াস ও ইমাম হোসেন নামে দুই ডিপ্লোমা ইঞ্জিয়ার রয়েছেন তাদের দলে। ইমাম হোসেন বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাশ করে কাজ করতেন দেশের একটি নামী মোবাইল ফোন কোম্পানিতে।
পুলিশ বলছে,কামরাঙ্গীরচরে জীবনের কারখানার সন্ধান পাওয়ার পর সেই এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি ল্যাপটপ, দুটি প্রিন্টার, হিট মেশিন, বিভিন্ন ধরনের স্ক্রিন, ডাইস, জাল টাকার নিরাপত্তা সুতা, বিভিন্ন ধরনের কালি, আঠা ও স্কেল কাটারসহ জাল টাকা তৈরির আরও অনেক সামগ্রী উদ্ধার হয়।
পুলিশের গোয়েন্দা (গুলশান) বিভাগের উপকমিশনার মশিউর রহমান জানান, এর আগেও জাল টাকা তৈরির অপরাধে ২ বার গ্রেপ্তার হয়েছিলেন জীবন। জেল থেকে বের হয়ে জীবন আবার জাল টাকা তৈরি শুরু করেছেন। বেশ কিছুদিন ধরে জীবনকে পুলিশ অনুসরণ করছিল। অবশেষে তাকে আটক করা হয়েছে।
বার্তা বাজার/এসজে