পবিত্র ঈদুল ফিতরে নিম্ন আয়ের মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রতি কাউন্সিলর পাচ্ছেন ১ লাখ ৭৫ হাজার করে টাকা। এই টাকায় ডিএনসিসির প্রতিটা ওয়ার্ডে ৫০০ জন করে ব্যক্তির মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হবে।
পাশাপাশি করোনাকালে অসহায় ও কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করতে ৭২ জন ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পাচ্ছেন এক লাখ করে টাকা।
রোববার (২ মে) অনলাইন আলোচনা সভায় এসব তথ্য জানান মেয়র আতিকুল ইসলাম। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে কোভিড-১৯ ও লকডাউন পরিস্থিতি পর্যালোচনা এবং পরবর্তী করণীয় নির্ধারণের লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়।
মেয়র আতিক বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় ডিএনসিসির পক্ষ থেকে জনকল্যাণমূলক সর্বাত্মক কার্যক্রম অব্যাহত রয়েছে। করোনাকালে দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের জন্য ৭২ জন ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরের প্রত্যেককে এক লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যে খাদ্যশস্যও বিতরণ সম্পন্ন হয়েছে।
তিনি আরও জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ওয়ার্ড প্রতি ৫০০ জন অসহায়-হতদরিদ্র মানুষকে শাড়ি ও লুঙ্গি বিতরণের জন্য ৭২ জন কাউন্সিলরের প্রত্যেককে ১ লাখ ৭৫ হাজার টাকা করে মোট এক কোটি ২৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
মেয়র জানান, ডিএনসিসি এলাকার এক হাজার ৯০৭টি মসজিদের প্রত্যেক ইমামকে দুই হাজার টাকা ও প্রত্যেক মুয়াজ্জিনকে এক হাজার টাকা করে মোট ৫৭ লাখ ২১ হাজার টাকা দেওয়া হয়েছে। ৩৩৩ ও হটলাইনের মাধ্যমে খাদ্য সহায়তার জন্য ফোন করা অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের জন্য ১০ জন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার প্রত্যেককে ৫০ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।
ভার্চ্যুয়াল সভায় সিটি কর্পোরেশনের মেয়ররা ছাড়াও মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, সিনিয়র সচিব ও পুলিশ মহাপরিদর্শক এবং সংশ্লিষ্ট সচিবরা অংশ নেন।
বার্তা বাজার/এসজে