করোনার তৃতীয় ঢেউ আসার আগে সবাইকে সতর্ক থাকতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
সবাইকে সতর্ক করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেন, করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ যাতে দেশে চলে আসতে না পারে সেজন্য সবাইকে শতর্ক থাকরত হবে।
রোববার (২ মে) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের ৫০ বছর পুর্তির সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, করোনার প্রথম ঢেউ আমার সফলভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছি। কিন্তু জনগণের অসাবধানতা, স্বাস্থ্যবিধি মানতে অনীহার কারণে আমার আবার দ্বিতীয় ঢেউয়ের মুখোমুখি হয়েছি। এখন দ্বিতীয় ঢেউ কিছুটা কমতে শুরু করেছে। তবে প্রথম ঢেউ এর পর যেভাবে মানুষ স্বাস্থ্যবিধির প্রতি উদাসীন হয়েছিল সেরকম উদাসীন আবার হলে খুব দ্রুতই দেশে তৃতীয় ঢেউ চলে আসতে পারে।
তিনি বলেন, পাশ্ববর্তী দেশ ভারতে করোনা ভয়াবহ রূপ নিয়েছে। ভারতের ভ্যারিয়েন্ট আমাদের দেশেও আসতে পারে। এ কারণে আগামীতে স্বাস্থ্যখাতের সকল পর্যায়ের কর্মীদের সতর্কতার সাথে সেবা প্রদান অব্যাহত রাখতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানুষ যুদ্ধ করার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছেন। কিন্ত্র মানুষকে বাঁচাতে চিকিৎসা সেবা দেয়ার জন্য মানুষ খুব বেশি চিন্তা করেনি। স্বাস্থ্যখাতে পর্যাপ্ত বিনিয়োগ করার তেমন কোনো পরিকল্পনাও গ্রহণ করেনি। এবারের করোনা মহামারিতে বিশ্ব বুঝতে পেরেছে স্বাস্থ্যখাতে বিনিয়োগ কতটা জরুরি।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের সভাপতিত্বে সভায় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর, আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কমিউনিটি ক্লিনিকের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সেনাল, এবং মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজও বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বার্তাবাজার/ই.এইচ.এম