আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভারতের নির্বাচনে গণতন্ত্রের বিজয় হোক।
রোববার (২ মে) দুপুরে রাজধানীর মিন্টু রোডের বাসভবনে সীমিত পরিসরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ভারতের চলমান বিধানসভা নির্বাচন প্রসঙ্গে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ভারতের যে কোনো নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়। যারাই ভারত সরকার গঠন করুক না কেন তাদের সঙ্গেই বাংলাদেশের সৌহার্দপূর্ণ সম্পর্ক ও পাশের পশ্চিমবঙ্গের সাথে যে নৈকট্য অব্যাহত থাকবে। আমাদের দু’দেশের অমীমাংসিত বিষয়গুলোর দ্রুত সমাধান হোক এটাই আমরা চাই। প্রত্যাশা করি ভারতে সবসময় গণতন্ত্রের বিজয় হোক।’
হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে কথিত দ্বিতীয় স্ত্রী ঝর্ণার করা ধর্ষণ মামলা নিয়ে সাংবাদিকদরা প্রশ্ন করলে মন্ত্রী বলেন, রিসোর্টে জনতার হাতে আটকের পর মামুনুল হক যাকে দ্বিতীয় স্ত্রী বলে পরিচয় দেন এবং এরপরেই নিজের স্ত্রীকে ফোনে জানান, সে আসলে শহিদুল সাহেবের স্ত্রী, সেই ঝর্ণা বিয়ে না করে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অবৈধ মেলামেশার অভিযোগে মামুনুলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন।’
হাছান মাহমুদ আরো বলেন, এখন জনগণের সামনে মামুনুল হকের মুখোশ উন্মোচিত। যে হেফাজত নেতারা বিয়ে ছাড়াই এই সম্পর্ককে বৈধ বলে ফতোয়া দেন, তারাও আইনের দৃষ্টিতে কুকর্মে লিপ্ত বলে অভিযোগ করেন মন্ত্রী।
বার্তাবাজার/ই.এইচ.এম