এবার মেহেরপুরের নার্সের ভিডিও ভাইরাল, অফিস সহকারী বদলি (ভিডিও)

মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স রাফিজা ও প্রধান অফিস সহকারী লিটনের নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে তারা রোগীদের উজ্জীবিত রাখতে নাচ করেছিলেন বলে জানান।

তবে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যপক সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় লিটনকে মেহেরপুরের গাংনী থেকে বদলি করা হয়েছে মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

জানা যায়, গত ২০ এপ্রিল একটি অনুষ্ঠানে স্বাস্থ্য কমপ্লেক্সের সব কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। ওই অনুষ্ঠানে ‘বাবা তোমার দরবারে সব পাগলের খেলা’ গানে নাচ করেন নার্স রাফিজা ও আসাদুজ্জামান লিটন। ভিডিও করেন নার্স আমেনা। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাহফুজুল নাম এক ব্যক্তি তার ফেসবুক পেজে পোস্ট করার পর ভাইরা হয়ে যায়।

ভিডিওটিতে বিরূপ মন্তব্য করছেন অনেকে। কেউ কেউ করোনাকালে নার্স ও হাসপাতালের স্টাফের এমন নাচের ঘটনাকে বিকৃত মানসিকতার বলে উল্লেখ করছেন। আবার কেউ কেউ তাদেরকে সমর্থনও করছেন।

তবে একটি সূত্র দাবি করেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্য কর্মকর্তার বদলিতে উল্লাস প্রকাশ করে এমন নাচ করেন প্রধান অফিস সহকারী আসাদুজ্জামান লিটন ও নার্স রাফিজা। লিটনের সঙ্গে তার অন্যরকম সম্পর্ক আছে বলেও মন্তব্য করেছেন কেউ কেউ।

এ বিষয়ে জানতে বারবার যোগাযোগের চেষ্টা করেও লিটনের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সিনিয়র স্টাফ নার্স রাফিজা বলেন, কোনো হীন মানসিকতা বা উল্লাস প্রকাশের জন্য তিনি নাচ করেননি। তবে এ নাচ এভাবে ভাইরাল হবে সেটা তিনি বুঝতে পারেননি।

এ ব্যাপারে জানতে চাইলে গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমেদ রায়হান বলেন, তাকে বদলির সুনির্দিষ্ট কারণ আমার জানা নেই। তবে ভাইরাল ওই ভিডিওর কারণেও তিনি বদলি হতে পারেন। কেননা, মেহেরপুর সিভিল সার্জন ভিডিওটির ব্যাপারে একটি প্রতিবেদন চেয়ে চিঠি পাঠিয়েছিলেন। এ চিঠির জবাব দেয়ার পরদিনই লিটনকে বদলি করা হয়।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর