টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১৩ হাজার ৭’শ পিস ইয়াবা জব্দ
টেকনাফ বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৩ হাজার ৭০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। রোববার সকালে এ অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশান টেকনাফ।
রোববার (২ মে) বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশান কমান্ডার টেকনাফ লেঃ কমান্ডার এম মীর ইমরান-উর রশিদ এর নেতৃত্বে উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একটি মটর সাইকেল আরোহীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে থামার সংকেত দিলে লোকটি না থেমে দ্রুত গতিতে পালিয়ে যায়। এ সময় তার মটরসাইকেল থেকে কালো পলিথিনে মোড়ানো একটি প্যাকেট রাস্তায় পড়ে যায়।
পরবর্তীতে পড়ে যাওয়া পলিথিনে মোড়ানো প্যাকেটটি তল্লাশি করে ১৩ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।
বার্তাবাজার/নব