টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চালু হলো আইসিইউ
করোনা রোগীদের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চালু করা হয়েছে ১০ শয্যাবিশিষ্ট নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ)।
রোববার (২ মে) দুপুরে ফিতা কেটে এর উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ছানোয়ার হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ নুরুল আমীন মিঞা, টাঙ্গাইলের জেলা প্রশাসক আতাউল গণি, সিভিল সার্জন আবুল ফজল মোহাম্মদ শাহাবুদ্দিন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনসারী, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক খন্দকার সাদিকুর রহমান, হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম প্রমুখ।
এ সময় হাসপাতালের চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠান শেষে স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন বলেন, বহুল প্রত্যাশিত টাঙ্গাইলবাসী জন্য নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ) চালু করা হয়েছে। দক্ষ চিকিৎসক এবং নার্সের মাধ্যমে এর কার্যক্রম পরিচালনা করা হবে। এর পাশাপশি এখানে কেন্দ্রীয়ভাবে অক্সিজেনের ব্যবস্থা রয়েছে। সাধারণ জনগণ এই সেবা ভোগ করবে। একই সাথে জরুরি রোগীদের ঢাকায় যাওয়ার যে দুর্ভোগ তা থেকে পরিত্রাণ পাওয়া যাবে। বর্তমানে করোনা রোগীদের জন্য আইসিইউ’র সাপোর্টটি খুবই জরুরি। এখানে আইসিইউ’র সব ধরনের সুবিধা রয়েছে।
প্রসঙ্গত, করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে ২০২০ সালের ১৮ এপ্রিল প্রধানমন্ত্রী সংসদে বলেছিলেন যে তার সরকার প্রতিটি জেলা হাসপাতালে আইসিইউ স্থাপনের পদক্ষেপ নেবে।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে চার হাজার ৬৯৮ জন। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৭২জন। আরোগ্য লাভ করেছেন চার হাজার ৩৩ জন।
হাসান সিকদার/বার্তাবাজার/পি