সরকার মাফিয়াদের নিয়ে দেশ চালাচ্ছে: মির্জা ফখরুল

বর্তমান সরকার মাফিয়াদের নিয়ে দেশ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একটা মাফিয়া সরকার তৈরি হয়েছে। প্রতিটি ক্ষেত্রেই মাফিয়ারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

রোববার (০২ মে) দুপুরে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল। বিএনপির স্থায়ী কমিটির শনিবারের বৈঠকের সিদ্ধান্ত জানাতেই আজ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তিনি বলেন, বাংলাদেশের পরিণতি এমন হবে তা আগে কখনও কল্পনাও করতে পারিনি। আমাদের দুর্ভাগ্য যে ৫০ বছর পরেও আমাদের এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি দেখতে হচ্ছে। এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে মুক্তির উপায় হচ্ছে একটা নিরপেক্ষ সুষ্ঠু অবাধ নির্বাচন। সেই সুষ্ঠু অবাধ নির্বাচন করার জন্য একটি নিরপেক্ষ সরকার দরকার হবে। এজন্য জনগণকে একত্রিত হয়ে যারা ক্ষমতা দখল করে আছে তাদের সরিয়ে সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

মির্জা ফখরুল বলেন, শনিবার দলের স্থায়ী কমিটির ভার্চ্যুয়াল সভায় ভ্যাকসিনের অভাবে হঠাৎ করে টিকাদান কার্যক্রম বন্ধ করায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এ ব্যাপারে সব বিষেশজ্ঞ এবং বিএনপি প্রথম থেকেই সরকারকে সতর্ক করেছে। কিন্তু সরকার আমাদের কথা না শোনে সরকারের নিজস্ব দুর্নীতি পরায়ন কোম্পানির মাধ্যমে শুধু ভারত থেকে একটি কোম্পানির ভ্যাকসিন সংগ্রহ করতে কার্যক্রম নেওয়ায় করায় আজ সমগ্র জাতি বিপদগ্রস্ত হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, এই অনির্বাচিত সরকার দেশে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক কোটি শ্রমিকের বহুমুখী কল্যাণে সম্পূর্ণ ভাবে ব্যর্থ হয়েছে। বিশেষ করে করোনাভাইরাসের সংক্রমণের ফলে লকডাউনে চাকরিচ্যুতি, বেতন না পাওয়া, শ্রমিকদের মানবেতর জীবনের দিকে ঠেলে দিয়েছে।

তিনি বলেন, অবিলম্বে সব ধরনের শ্রমিকদের মজুরি নির্ধারণ, কর্মের নিশ্চয়তা ও লকডাউনে কর্মচ্যুত শ্রমিকদের ক্ষতিপূরণ, খাদ্য সহায়তা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, বিএনপির প্রস্তাবিত প্রণোদনা অনুযায়ী প্রতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের কমপক্ষে তিন মাসের জন্য ১৫ হাজার টাকা হারে এককালীন অনুদান দেওয়ার করার আহ্বান জানানো হয়।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর