রাজবাড়ীতে লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে পরিবহন চালু করাসহ ৩ দফা দাবিতে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।
সমাবেশটি রোববার (২ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সভাপতি রকিবুল ইসলাম পিন্টু।
এতে বক্তব্য রাখেন- জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি তোফাজ্জেল হোসেন টুকাই, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফ,দৌলতদিয়া ঘাট শাখার সভাপতি তোফাজ্জেল হোসেন তপু প্রমুখ। সভা সঞ্চলনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ।
সমাবেশে তিন দফা দাবি তুলে ধরেন সভাপতি রকিবুল ইসলাম পিন্টু। দাবি গুলো হলো- সরকারি নীতিমালা মেনে অর্ধেক যাত্রী নিয়ে পরিবহন চলাচলের অনুমতি প্রদান, ওএমএস এর ১০ টাকা কেজি চাউল পরিবহন শ্রমিকদের মাঝে বিতরণ করা ও সরকারি বিভিন্ন খাতের অনুদান প্রদানে পরিবহন শ্রমিকদের অগ্রধিকার দেওয়া।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহর প্রদিক্ষণ করে বড়পুল গিয়ে শেষ হয়।
মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/পি