মামুনুল হককে ২৪ দিনের রিমান্ডে চায় পুলিশ

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় করা পৃথক তিন মামলায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হককে জিজ্ঞাসাবাদের জন্য ২৪ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

রোববার (২ মে) তিন মামলায় এ রিমান্ড আবেদন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম।

সোনারগাঁ থানায় মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার মামলায় ১০ দিন, রয়েল রিসোর্ট কাণ্ডের মামলায় ৭ দিন এবং উপজেলা আওয়ামী লীগের অফিস ভাঙচুরের মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম জানান, মামুনুল হককে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের তদন্তে থাকা জান্নাত আরা ঝর্ণার মামলায় ১০ দিন, ডিবির তদন্তে থাকা রিসোর্টকাণ্ডের মামলা ও আওয়ামী লীগের অফিসে হামলা মামলায় পৃথকভাবে ৭ দিন করে ১৪ দিন মোট ২৪ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

গত ৩০ এপ্রিল প্রলোভন, প্রতারণা, নির্যাতনের অভিযোগ এনে মামুনুলের বিরুদ্ধে মামলা করেন তার কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা।

এর আগে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া ও হাটহাজারীতে বেপরোয়া তাণ্ডবের অভিযোগে একে একে হেফাজতের কেন্দ্রীয় নেতাদের গ্রেফতার করে আইন-শৃঙ্খলা বাহিনী।

এরই ধারাবাহিকতায় গত ১৮ এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে মাওলানা মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারের পর ২০২০ সালে দায়ের হওয়া মোহাম্মদপুর থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় মামুমুলকে। জিজ্ঞাসাবাদ শেষে পল্টন ও মতিঝিল থানার পৃথক দুটি মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে। ওই দুই মামলাতে আবার তাকে মোট সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর