দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করা ৪৯৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ২৫১ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ দল। ২৪২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা।
২ উইকেট হারিয়ে ১৭ রান সংগ্রহ করে তৃতীয় দিন শেষ করেছিল লঙ্কানরা। আজ চতুর্থ দিনের খেলায় মাঠে নামে দুইদল। দিনের শুরুতেই অ্যাঞ্জেলো ম্যাথিউসকে ফেরান তাইজুল ইসলাম। ইয়াসির আলীর হাতে ক্যাচ দিয়ে ১২ রান করে ফিরেন তিনি।
এদিকে আগ্রাসী ব্যাটিং করে ৫৯ বলে ৬ চার ও ১ ছয়ে ক্যারিয়ারের ২৬তম হাফসেঞ্চুরি হাঁকান লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নে। তবে সাইফ হাসানের অভিষেক উইকেটের শিকার হন করুণারত্নে। ৬৬ রান করে ইয়াসিরের হাতে তালুবন্দি হয়ে ফিরেন তিনি।
সাইফের পর লঙ্কান শিবিরে আঘাত হানেন মিরাজ-তাইজুল। মিরাজের বলে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়েন ধনাঞ্জয়া ডি সিলভা। ৫২ বলে ৪ চার ও ১ ছয়ে ৪১ রান করেন তিনি।
এদিকে তাইজুলের বলে মিড অনে খেলতে গিয়ে শরিফুল ইসলামের হাতে ক্যাচ দিয়ে ফিরেন পাথুম নিসাঙ্কা। তিনি ৩১ বলে ২৪ রান করেন। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে শ্রীলঙ্কা ৪১৪ রানের লিড পেয়েছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১৭২ রান। নিরোশাল ডিকভেলা ২৩ ও রমেশ মেন্ডিস ২ রান নিয়ে ক্রিজে আছেন।
বার্তাবাজার/নব