যত টাকাই লাগুক সবার কাছে করোনার টিকা পৌঁছে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যত টাকাই লাগুক সময়মতো সবার কাছে করোনার টিকা পৌঁছে দেওয়া হবে। সরকার বিপুল টাকা খরচ করে টিকা নিয়ে এসে জনগণের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে তা বিনামূল্যে দিচ্ছে।

রোববার (২ মে) করোনা পরিস্থিতিতে বিপর্যন্ত ৩৬ লাখ ৫০ হাজার পরিবারকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আড়াই হাজার টাকা করে সহায়তা কর্মসূচির উদ্বোধন কালে এ কথা বলেন তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, করোনার টিকা সবার কাছে পৌঁছে দিতে কাজ করছে সরকার। সামনে আরও করোনার টিকা আসবে, কিন্তু সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন। ঈদে আনন্দ করুন, কিন্তু জীবনের ঝুঁকি নেবেন না।

তিনি আরও বলেন, করোনা আক্রান্ত জেলা থেকে যেন অন্য জেলায় মানুষ যাতায়াত না করে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। সমাজের বিত্তবানদের অসহায়দের পাশে দাঁড়াতে আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে আওয়ামী লীগ মানুষের সেবা করে যাচ্ছে। আওয়ামী লীগ সবসময় দুর্গত মানুষের পাশে রয়েছে। মহামারির এই সময়ে দলের নেতা-কর্মীরা মাঠে রয়েছেন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর