হেফাজত নেতাদের বিরুদ্ধে মামলা করলেন এমপি

গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে সফরকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার ঘটনায় হেফাজতে ইসলামের জেলা শাখার সভাপতি মাওলানা সাজিদুর রহমান এবং সাধারণ সম্পাদক মাওলানা মোবারক উল্লাহসহ ১৪ জনের নাম উল্লেখ করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা আরো দেড়শ জনকে আসামি করা হয়েছে।

শনিবার (১ মে) সন্ধ্যায় সদর আসনের সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সংসদ সদস্যের আইনজীবী ও শহর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল জব্বার মামুন সদর মডেল থানায় মামলার আবেদন জমা দেন।

এ মামলায় জেলা হেফাজতের সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াও বোরহান উদ্দিন কাসেমী, মাওলানা আশরাফুল হোসেন তপু, মাওলানা আলী আজম, মাওলানা জুনায়েদ কাসেমী, মাওলানা এরশাদ উল্লাহ, মাওলানা নোমান আল হাবিব, সুলেমান মোল্লা, মমিনুল হাসান তাজ, মাওলানা এনামুল হক, মাওলানা মনজুরুল হক, মাওলানা আব্দুল হাকিম ও খালেদ মোশাররফকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে গত ২৬শে মার্চ থেকে ২৮শে মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতা চালান হেফাজতে ইসলামের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নেতাকর্মীরা। তারা সহিংসতার মাধ্যমে দেশের বৈধ সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র ও পরিকল্পনা করেন।

লিখিত অভিযোগে বলা হয়, হেফাজতে ইসলামের জেলা শাখার সভাপতি মাওলানা সাজিদুর রহমান এবং সাধারণ সম্পাদক মাওলানা মোবারক উল্লাহসহ অন্যান্য আসামিদের নির্দেশে বিভিন্ন ফেসবুক পেজ, আইডি ও নিউজ পোর্টালে সাইবার সন্ত্রাস সংগঠিত করে রাষ্ট্রদ্রোহিতামূলক, বিদ্বেষ ও ঘৃণামূলক স্ট্যাটাস প্রদান করে জনসাধারণের মাঝে উত্তেজনা সৃষ্টি করা হয়। এর মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে।

মামলার আবেদনের সত্যতা নিশ্চিত করে সদর থানা ওসি জানিয়েছেন ঊর্ধতন কর্তৃপক্ষে অনুমতি সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর