আগামী বৃহস্পতিবার বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া

করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতাল থেকে আগামী বৃহস্পতিবার বাসায় ফেরার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার (১ মে) গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

জাহিদ হোসেন বলেন, চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করার পর আবার নতুন কিছু পরীক্ষা করার জন্য পরামর্শ দিয়েছেন। সুতরাং এই মূহুর্তে নতুন কিছু বলা যাচ্ছে না।

তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনেক ভালো এবং স্থিতিশীল। এখনও পরীক্ষা-নিরীক্ষা চলছে। আজও ডাক্তাররা তাঁকে দেখেছেন। কালও কিছু পরীক্ষা হবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকার কারণে স্বাস্থ্য পরীক্ষা কিছুটা পিছিয়েছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এ সপ্তাহের শেষদিকে বাসায় ফিরতে পারেন বলে মন্তব্য করেন তার আস্থাভাজন এই চিকিৎসক ।

প্রসঙ্গত, গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। এরপর থেকে গুলশানের বাসা ‘ফিরোজায়’তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এফএম সিদ্দিকীর নেতৃত্বে চিকিৎসা শুরু হয়। করোনা আক্রান্তের ১৪ দিন অতিক্রান্ত হওয়ার পরে খালেদা জিয়ার করোনা টেস্ট করা হয়েছিলো কিন্তু ফলাফল পজেটিভ আসে। এরপর ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন খালেদা জিয়ার জন্য গঠিত ১০ সদস্যের মেডিকেল বোর্ডের নেতৃত্বে রয়েছেন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর