খুলনা মহানগরের খানজাহান আলী থানার আফিল গেট এলাকায় একটি ট্রাক ও ট্রেন ইঞ্জিনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রাকের চালক ও তার সহকারী গুরুতর আহত হয়েছেন।
শনিবার রাত পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত ট্রাক চালক মো. ইউনুস আলী (৩৫) এবং তার সহকারী মো. হাসানের (২৭) বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামে।
আহতদের স্থানীয় ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চালকের সহকারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
জানা যায়, ট্রাকটি মোংলা থেকে সিমেন্ট বোঝাই করে নিয়ে যশোরের দিকে যাচ্ছিলো। আফিল গেট রেলক্রসিংয়ে এলাকায় পৌঁছালে যশোর থেকে খুলনাগামী একটি ট্রেনের ইঞ্জিন (বেড নং- ৩৩) চলে আসে। এ সময় ট্রাকটি রেল ক্রসিংয়ের সিগন্যাল উপেক্ষা করে পাশ কেটে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি দেখতে পেয়ে ট্রেনের ইঞ্জিন বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত সময়মতো ট্রেনের গতিরোধ করা যায়নি। ফলে ট্রেন ইঞ্জিনের ধাক্কায় ট্রাকটি উল্টে গেটম্যানদের ঘরের ওপর গিয়ে পড়ে।
পরে দ্রুত খানজাহান আলী থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে ট্রাকটিকে উদ্ধারে কাজ শুরু করে।
বার্তাবাজার/ই.এইচ.এম