দিবস চাই না, ভাত চাই: পরিবহন শ্রমিক

আজ মহান শ্রমিক দিবস। শ্রমিক দিবসে রাজধানীর সায়েদাবাদ বাসস্ট্যান্ডে বসে আড্ডা দিচ্ছেন বেশ কয়েকজন পরিবহন শ্রমিক। প্রতি বছর শ্রমিক দিবসে এভাবেই ছুটি কাটান তারা। মাঝে মাঝে সভা সমাবেশ করে কর্মক্ষেত্রের নিরাপত্তাসহ তোলেন বিভিন্ন দাবি দাওয়া। কিন্তু এবারের পরিস্থিতি একেবারেই ভিন্ন।

এসময় সংবাদকর্মীরা কথা বলে বেশ কয়েকজন পরিবন শ্রমিকে সঙ্গে। আবু বকর নামের একজন পরিবহন শ্রমিক খুব কষ্টের স্বরে বলেন, ‘ভাই এখন আর দিবস চাই না, ভাত চাই। গাড়িটা খুলে দিতে কন। ভিক্ষা না, কাজ করে ভাত খামু।’

এছাড়া অন্যান্য শ্রমিকরাও একই কথা বলে। ঢাকা-কুমিল্লা রুটের তিশা পরিবহনের বাস চালাতেন রমিজ মিয়া। তিনি বলেন, আমারা দিন আনি দিন খাই। সরবার তো ঘোষণা দিয়ে গাড়ি বন্ধ করে দিল। আমরাতো ঘোষণা দিয়ে পেট বন্ধ করা পারি না। পরিবার নিয়ে কিভাবে চলছি সে খবর কেউ কি রাখে?

আবদুল মজিদ নামের আরেকজন বলেন, ‘প্রতি বছর আমরা শ্রমিক দিবসে ছুটি চাইতাম। এখন আর আমাদের কাছে দিবস বলতে আলাদা কিছু নাই। এবার দিবসে শুধু কাজ চাই, এটাই আমাগো দাবি।’

দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে কথা হয় বেশ কয়েকজন কুলির সংগে। কাচাবাজার সচল থাকায় সচল আছে তাদের কাজও। তবুও হতাশার ছাপ দেখা যায় এদের চেহারায়। জানতে চাইলে বলেন, করোনার কারণে এখন আয় কমেছে অস্বাভাবিক মাত্রায়।

আজমত আলী ২০ বছর আগে দিনাজপুর থেকে কাজের সন্ধানে এসেছিলেন ঢাকায়। সেই থেকে দিনমজুর খাটছেন রাজধানীতে। তিনি বলেন, ম্যালা মারামারি দেখছি, হরতাল দেখছি। কিন্তু এত খারাপ অবস্থা ঢাকায় আর কখনো দেখিনি। হারাদিন কাম কইরাও খাওনের টাকা হয় না।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর