চট্টগ্রাম নগরীতে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক, মাইক্রো জব্দ
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে র্যাব-৭। এসময় পাচারকাজে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে।
আজ শনিবার নগরীর বাকলিয়া থানার চাক্তাই মীর ফিলিং স্টেশনের বিপরীতে মেসার্স হামিদ এন্ড ব্রাদার্স এর সামনে শাহ আমানত সেতু সংযোগ সড়কের উপর হতে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে র্যাব।
ধৃতরা হচ্ছেন- ফরিদপুর জেলার আলফাডাঙ্গার গোপালপুর এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে রফিকুল ইসলাম রনি (২৭) ও চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার চাতাল মোড়, কলেজ পাড়া এলাকার আব্দুল মালেক ছেলে হাবিবুর রহমান সোহেল (৪৩)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখে আসা (ঢাকা-মেট্টো-ক-১৫-৯২৪৫) নাম্বারের একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাশী চালায় র্যাব। এসময় দুই জন যাত্রী গাড়ী থেকে নেমে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশী করে ৪ হাজার ৯৫০ পিস ইয়াবা বড়ি ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।
ধৃতদের জব্দকৃত মালামালসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নগরীর বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বার্তাবাজার/ভিএস