গণমাধ্যমকর্মীদের আর্থিক সহায়তায় সরকারের উদ্যোগ: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার শ্রমবান্ধব সরকার উল্লেখ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, করোনা সংকটে ক্ষতিগ্রস্ত গণমাধ্যমকর্মীদের আর্থিক সহায়তায় সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে । ইতোমধ্যে গণমাধ্যমকর্মীদের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

শনিবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে গাজীপুর সাংবাদিক ইউনিয়ন (জিইউজে) আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সাংবাদিকদের সার্বিক কল্যাণ নিশ্চিত করার জন্য সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়েছে ।

মন্ত্রী বলেন, শ্রমিকরা ৮ ঘণ্টা কাজ করার দাবিতে যুক্তরাষ্ট্রে রক্ত দিয়েছিল বলে আজ তাদের সুযোগ সুবিধা, জীবনমানের উন্নতি ঘটেছে।
দেশের শ্রমজীবী মানুষের কল্যাণে বঙ্গবন্ধুর মালিক-শ্রমিক সুসম্পর্কের নীতি ও আদর্শকে কাজে লাগাতে এই সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, পরিকল্পিত নগরী গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করেছেন। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ এবং দেশ ও জাতি গঠনে জনপ্রতিনিধিদের পাশাপাশি সাংবাদিক ও পেশাজীবীদেরও বিশেষ ভূমিকা রাখতে হবে।

গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ‘মহান মে দিবস’গণমাধ্যম কর্মীদের সমস্যা ও করণীয়’ নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও মহিলা শ্রমিক লীগের কার্যকরী সভাপতি শামসুন নাহার ভূঁইয়া এমপি, পেশাজীবী সমন্বয় পরিষদের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী খান চৌধুরী মানিক, ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আল মামুন, সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সহ-সভাপতি এম এ সালাম শান্ত প্রমুখ।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর