নোয়াখালীর সোনাইমুড়ীতে এক কিশোরীকে (১১) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, প্রধান আসামির নাম আবদুর রব (২৮)। তিনি ওই উপজেলার বজরা গ্রামের বাকের মিয়া প্রকাশ আবু তাহেরের ছেলে।
শনিবার (১ মে) সন্ধ্যায় অভিযান চালিয়ে কুমিল্লার লাকসাম থানার রেলওয়ে জংশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে কিশোরীর মা বাদী হয়ে অভিযুক্ত তিনজনকে আসামি করে সোনাইমুড়ী থানায় মামলা করেন। মামলা নম্বর-২৮। শুক্রবার (৩০ এপ্রিল) নোয়াখালী জেনারেল হাসপাতালে ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
পারিবারিক সূত্র জানা যায়, গত বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে নির্যাতিতা কিশোরী মোবাইলের মিনিট কার্ড কেনার জন্য দোকানে যান। দোকান থেকে ফেরার পথে ওই গ্রামের বখাটে ছেলে আবদুর রব তার গতিরোধ করে রাস্তায় দাঁড় করিয়ে রাখেন। পরে পশ্চিম বজরা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে রিপা (২৮) এসে তার মুখে গামছা পেঁচিয়ে স্কুলের পাশে ধানক্ষেতে নিয়ে যান। একই গ্রামের সেরু মিয়ার পুত্র সালা উদ্দিন (২৯) এসময় পাহারা দেন। এরপর তারা কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করেন। পরে কিশোরী বাড়িতে এসে বিষয়টি পরিবারের সদস্যদেরকে জানায়।
বার্তাবাজার/ই.এইচ.এম