বরিশালের উজিরপুরে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শ্রমিক দিবসে উপজেলার দুই এলাকায় এমন ঘটনা ঘটায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহতরা হলেন, উপজেলার জল্লা ইউনিয়নে ধান কাটা শ্রমিক জব্বার শেখ (৫৮) ও বামরাইল ইউনিয়নে অটোরিকশাচালক সবুজ হাওলাদার (২৭)।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার জল্লা ইউনিয়নের কারফা গ্রামে কৃষক নগেনের বাড়িতে ধান কাটতে আসেন বাগেরহাট জেলার পিছিডেমা গ্রামের মৃত মনসুর শেখের ছেলে জব্বার শেখ। শনিবার (১ মে) ভোরে স্থানীয়রা পুকুর পাড়ের আম গাছের সঙ্গে গামছায় ফাঁস দেওয়া ধানকাটা শ্রমিক জব্বার শেখকে দেখতে পান।
জব্বার শেখ ২৩ এপ্রিল বাগেরহাট থেকে ৩২ জনের একটি টিমের সঙ্গে জল্লায় আসেন। এখান থেকে ছয় জনের একটি টিম নিয়ে নগেনের ক্ষেতের ধান কাটার চুক্তি করেন। সেখানেই থাকতেন ছয় জনের ধান কাটা শ্রমিকরা।
অপরদিকে, বামরাইল ইউনিয়নের মুগাকাঠী গ্রামের আব্দুল খালেক হাওলাদারের ছেলে অটোচালক সবুজ হাওলাদার শনিবার ভোররাতে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
পুলিশ জানিয়েছে, মা-বাবার সঙ্গে গত রাতে কথা কাটাকাটি হয় সবুজের। মূলত অভিমান করে আত্মহত্যা করতে পারেন সবুজ। সবুজ বিবাহিত হলেও ঘটনার সময়ে তার স্ত্রী বাবার বাড়িতে ছিলেন।
তাদের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে উজিরপুর থানার ওসি জিয়াউল আহসান বলেন, তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে।
বার্তা বাজার/এসজে