বিএনপি দেউলিয়া ও মৃতপ্রায় একটি দল: নৌ প্রতিমন্ত্রী

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে আমরা এমন সময় পাড় করেছি যেখানে একজন মানুষ করোনা আক্রান্ত হলে তার পরিবারকে লকডাউন করে রাখা হত। এমন সংকটময় মুহূর্তে প্রধানমন্ত্রী ৬৪ জেলায় মানুষের সঙ্গে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সাহস যুগিয়েছেন।

শনিবার (১ মে) আওয়ামী লীগের বোচাগঞ্জ উপজেলা শাখা আয়োজিত এক মতবিনিময় সভা ও কভিড-১৯ সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, সেই সংকটময় সময়ে ১০ কোটির অধিক মানুষকে আমরা সরকারিভাবে সহায়তা করেছি। ওই সময় বিশ্বের অনেক দেশের অর্থনীতির চাকা ভেঙে পড়লেও বাংলাদেশের অর্থনীতি চাকা সচল ছিল।

প্রতিমন্ত্রী বলেন, সেসময়ে বাংলাদেশের অনেক হাসপাতালে আইসিইউ ছিল না। স্বল্প সময়ে আমাদের স্বাস্থ্য বিভাগ প্রত্যেকটি জেলায় আইসিইউর ব্যবস্থা করেছে। অক্সিজেন সরবরাহ করেছে। আমরা উপজেলা পর্যায়েও অক্সিজেনের ব্যবস্থা করেছি।

তিনি বলেন, আপনারা দেখেছেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে করোনার ২য় ঢেউয়ের মধ্যে লাশ দাফনের বা দাহ করার জায়গা নেই। লাশগুলো ফ্রিজের মধ্যে রাখা হচ্ছে। এমন পরিস্থিতিতেও আমাদের সরকার বসে নেই। করোনা টিকা সংগ্রহ করার জন্য বিশ্বে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চালিয়েছেন। এবং একটা ব্যবস্থা হবে বলে আশা করছি।

তিনি আরো বলেন, রাজনৈতিকভাবে বিএনপি এখন দেউলিয়া ও মৃতপ্রায়। এই বিএনপি-জামায়ত চক্র দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিভিন্ন সময় বিভিন্ন মতলব নিয়ে রাজনীতি করছে।

বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেনের সভাপতিত্বে সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফছার আলী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সেতাবগঞ্জ পৌর মেয়র আবদুস সবুর, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি নঈম উদ্দিন শাহ প্রমুখ।

 

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর