নারীর মোবাইল চুরি করে সেটা দিয়েই কুপ্রস্তাব: ছাত্রলীগ নেতা কারাগারে

ফেনীর পরশুরামে প্রতিবেশী নারীর মোবাইল ফোন চুরি করে সেটা দিয়েই তাকে উত্ত্যক্ত করার অপরাধে এনায়েত হোসেন আকাশ নামে এক ছাত্রলীগ নেতাকে স্থানীয় চেয়ারম্যানের সহায়তায় আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। শনিবার তাকে কারাগারে পাঠানো হয়।

শুক্রবার (৩০ এপ্রিল) রাতে উপজেলার উপজেলার মির্জানগর ইউনিয়নের মির্জানগর গ্রামে এই ঘটনা ঘটে। গ্রেফতারকৃত আকাশ মির্জানগর ইউনিয়ন ছাত্রলীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক ও পশ্চিম মির্জানগর গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে।

জানা যায়, আকাশ কয়েক দিন আগে রাতের বেলায় প্রতিবেশী এক নারীর মুঠোফোন চুরি করে নিয়ে যান। পরে সেই মুঠোফোন দিয়ে ওই নারীকে উত্ত্যক্ত করতে শুরু করেন। একপর্যায়ে ওই নারী স্থানীয় লোকজনকে বিষয়টি অবহিত করেন। শুক্রবার রাতে মির্জানগরের ইউপি চেয়ারম্যান নুরুজ্জমান ভুট্টোর সহযোগিতায় এলাকার লোকজন এনায়েতকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

ইউপি চেয়ারম্যান নুরুজ্জমান ভুট্টো বলেন, ছাত্রলীগের নেতা এনায়েত হোসেনের বিরুদ্ধে আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুরোধ করেছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে পরশুরাম থানার ওসি শওকত হোসেন বলেন, এনায়েত হোসেনের বিরুদ্ধে আগেও চুরির কয়েকটি মামলা রয়েছে। শনিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর