ছুটি থাকায় খালেদার স্বাস্থ্য পরীক্ষা হয়নি, বাসায় এখনই ফিরছেন না
করোনাভাইরাসে আক্রান্ত বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের অধীনে তার কোভিড পরবর্তী জটিলতার চিকিৎসা চলছে। পাশাপাশি তার পুরনো রোগেরও পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, ওনার (খালেদা জিয়া) পরীক্ষা-নিরীক্ষা চলছে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকার কারণে স্বাস্থ্য পরীক্ষার অগ্রগতি কিছুটা পিছিয়ে গেছে। এই দু’দিন ঠিকমতো ওনার পরীক্ষা-নিরীক্ষা করা যায়নি। ফলে হাসপাতাল থেকে তার বাসায় ফিরতে কয়েকদিন সময় লাগবে। তবে খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল, অনেকটাই ভালো।
তিনি আরও জানান, খালেদা জিয়ার কোনো ধরনের উপসর্গ নেই।এখন হাসপাতালে তার পোস্ট কোভিড পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসা চলছে।তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এর আগে গত ১৪ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সিটিস্ক্যান করানো হয়। তখন জানা যায়, সিটিস্ক্যানে খালেদা জিয়ার ফুসফুসে খুবই সামান্য সংক্রমণ হয়েছে, যা সত্যিকার অর্থে মাইল্ড পর্যায়েও পড়ে না। এরপর গত বুধবার করোনা আক্রান্ত খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
বার্তা বাজার/এসজে