কালিগঞ্জে লিচু গাছ থেকে পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে লিচু পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে শেখ শাহরিয়ার ইসলাম সানি (১৭) নামে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের গণপতি গ্রামের শেখ রফিকুল ইসলামের ছেলে ও কালিগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

স্থানীয় ইউপি সদস্য শেখ আলাউদ্দীন সোহেল জানান, শেখ শাহরিয়ার ইসলাম সানি শুক্রবার বেলা ১০ টার দিকে বাড়ির গাছে লিচু পাড়তে যেয়ে গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়।

তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ডক্টরস ল্যাবে নিয়ে গেলে সেখান থেকে চিকিৎসকের পরামর্শে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে কর্তব্যরত চিকিৎসক শেখ শাহরিয়ার ইসলাম সানিকে মৃত ঘোষণা করেন।

শনিবার বাদ মাগরিব গণপতি গ্রামের টুলুর দোকানের সম্মুখে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। অত্যন্ত নম্র, বিনয়ী ও মেধাবী কলেজ ছাত্র সানি’র মৃত্যুতে এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

শাওন আহমেদ সোহাগ/বার্তা বাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর