জীবন বাচাঁতে ক্যাকটাসের ফল আর পঙ্গপাল খাচ্ছে মানুষ!

একটানা খরা ও ধুলিঝড়ে ফসল নষ্ট হওয়ার কারণে ব্যাপক খাদ্য সংকটে পড়েছে দক্ষিণ-পূর্ব আফ্রিকার দ্বীপ রাষ্ট্র মাদাগাস্কারে। এ অবস্থায় দেশটির দক্ষিণাঞ্চলের জনগণ বুনো পাতা আর পঙ্গপাল খেয়ে ক্ষুধা নিবারণ করছেন।

এদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) তথ্য মতে দেশটিতে লাখ লাখ মানুষ মহা দুর্ভিক্ষের সন্নিকটে পৌঁছে গেছে।

ডব্লিউএফপির সিনিয়র ডিরেক্টর আমির দাউদি শুক্রবার হুঁশিয়ার করে বলেন, মাদাগাস্কারের শিশুরা ভয়ঙ্কর বিপদে আছে। বিশেষ করে ৫ বছরের নীচের শিশুরা উদ্বেগজনক পর্যায়ে অপুষ্টিতে ভুগছে।

জেনেভাতে জাতিসংঘের এক ব্রিফিংয়ে মাদাগাস্কারের রাজধানী অ্যান্তাননারিভো হতে ভার্চুয়ালি মাধ্যমে দাউদি জানান, আমি এমন সব গ্রামে গিয়েছি যেখানে লোকেরা পঙ্গপাল, কাঁচা লাল ক্যাকটাস ফল বা বুনো পাতা খেয়ে কোনো মতে জীবন ধারণ করছে।

দাউদি আরো বলেন, দেশটির দক্ষিণাঞ্চলের এলাকাগুলোর খাদ্যের উৎস প্রায় নিঃশেষ হয়ে গেছে। খাবারের জন্য সেখানে রীতিমতো জরুরি অবস্থার সৃষ্টি হয়েছে।

তিনি জানান, সব গ্রামগুলোতে ঘুরে ঘুরে আমরা শিশুদের পাশাপাশি কঙ্কালসার বাবা-মা ও গ্রামবাসীদের দেখে আঁতকে উঠি। তারা পুরোপুরি দুর্ভিক্ষে নিমজ্জিত হয়ে পড়েছে। এরকম ভয়াবহ চিত্র বিশ্বজুড়ে বহুদিন দেখা যায়নি। সূত্র : আলজাজিরা

 

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর