অসহায় কৃষকের ধান কেটে দিলেন ত্রাণ প্রতিমন্ত্রী
ঢাকার সাভারের আশুলিয়ায় এক কৃষকের পাকা বোরো ধান কাটায় অংশ নিলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি। শনিবার (১ মে) বিকালে আশুলিয়া থানা আওয়ামী লীগের উদ্যোগে ইয়ারপুর এলাকায় জয়নাল আবেদীন নামের এক কৃষকের প্রায় দুই বিঘা পাকা ধান কাটায় স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে অংশ নেন তিনি। এসময় জমির মালিক জয়নাল আবেদীন ত্রাণ প্রতিমন্ত্রীকে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
প্রসঙ্গত, করোনাভাইরাস এবং চলমান লকডাউনের কারণে কৃষক জয়নাল আবেদীন ধান কাটার শ্রমিক না পেয়ে ধান কাটতে পারছিলেন না। তার এই সমস্যার কথা আওয়ামী লীগের নেতাকর্মীদের থেকে ত্রাণ প্রতিমন্ত্রীর কানে যায়। পরে তিনি ওই কৃষকের জমির ধান কেটে দেওয়ার উদ্যোগ নেন।
এব্যাপারে গণমাধ্যমকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, আওয়ামী লীগ সরকার কৃষকবান্ধব। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন কৃষকদের ধান কাটায় সাহায্য করার জন্য। এরই ধারাবাহিকতায় আজ আমরা একসাথে এসে আমাদের সাধ্যমত চেষ্টা করেছি। পাশাপাশি সরকার দেশের ক্ষতিগ্রস্থ সকল কৃষককে সরকারীভাবে সাহায্য সহযোগীতা করবে বলেও জানান তিনি।
ধান কাটার সময় ত্রাণ প্রতিমন্ত্রীর সাথে অন্যন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিন, সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁন, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভুঁইয়া প্রমুখসহ অন্যরা।
মোঃ আল মামুন খান/বার্তাবাজার/ভিএস