সরকার দেশটাকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে: রব

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব অভিযোগ করে বলেছেন, বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থি হয়ে পুলিশি রাষ্ট্রে পরিণত করা হয়েছে।

শনিবার (১ মে) জেএসডি’র কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট আয়োজিত মহান মে দিবসের অনুষ্ঠানে ভার্চুয়াল পদ্ধতিতে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, লাখো মানুষের আত্মত্যাগে দেশটাকে স্বাধীন করা হয়েছিল জনগণের রাষ্ট্র কায়েমের জন্য, পুলিশি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নয়। বর্তমান সরকার শুধু ক্ষমতাকে সংহত করার জন্য রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানগুলোকে সাংবিধানিক দায়িত্ব পালনের বিপরীতে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে।

আ স ম আবদুর রব বলেন, জনবিচ্ছিন্ন সরকারকে পুলিশ সাময়িক নিরাপত্তা দিচ্ছে। কিন্তু রাষ্ট্রকে চূড়ান্ত ঝুঁকিতে ফেলেছে। এই নিপীড়নমূলক রাষ্ট্র গঠনের জন্য শ্রমিক-কৃষক রক্ত দিয়ে মুক্তিযুদ্ধ সংগঠিত করেনি। অসংখ্য মানুষের আত্মদানে অর্জিত একটি রাষ্ট্রকে গণবিরোধী রাষ্ট্রে পরিণত করার সব দায় এই সরকারকেই নিতে হবে।

চট্টগ্রামের বাঁশখালীতে নিরস্ত্র শ্রমিকের ওপর পুলিশের নির্বিচারে গুলির কথা উল্লেখ করে আবদুর রব বলেন, শ্রমিক হত্যার পর সরকার একটু দুঃখও প্রকাশ করেনি, এমনকি কোনো তদন্ত কমিটি গঠনের প্রয়োজন মনে করেনি। বরং পুলিশ আবার শ্রমিকদের অবৈধ অস্ত্রধারী হিসাবে চিহ্নিত করে হত্যার জন্য শ্রমিকদেরকেই দায়ী করছে। দেশ পুলিশি রাষ্ট্র না হলে সরকার এত শ্রমিক নিহত ও আহত হওয়ার পরে নিশ্চুপ থাকার কথা নয়।

আলোচনা সভার আগে মহান মে দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট এক র‌্যালির আয়োজন করে। র‌্যালি পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জেএসডি’র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বেলায়েত হোসেন বেলাল, মহানগর জেএসডি নেতা মোশারফ হোসেন, হাজী আক্তার ও অন্যান্য নেতারা।

 

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর