বিএনপিকে মাঝে মাঝে ৪টি জায়গায় দেখা যায়: তথ্যমন্ত্রী

বিএনপি ও তাদের সহযোগীদেরকে মাঝে মাঝে টিভি পর্দায় দেখা গেলেও জনগনের পাশে থাকতে দেখ যায় না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

শনিবার (১ মে) চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শ্রমিক ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এই কথা বলেন।

তথ্য মন্ত্রী বলেন, বিএনপিকে মাঝে মধ্যে ঢাকা শহরে প্রেস ক্লাবের সামনে দেখা যায়, নয়াপল্টনে সংবাদ সম্মেলন করার জন্য দেখা যায়, আর খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে দেখা যায়। অথবা ঘর থেকে অনলাইনে সংযুক্ত হয়ে সরকারের সমালোচনা করেন তারা। এই ৪টি জায়গা ছাড়া তাদেরকে তেমন দেখা যায় না।

তিনি বলেন, আমরা কি কাজ করছি সেটাতে কোনো ভুল আছে কি না, তারা শুধু সেটা খুঁজে বেড়ায়। তারা শুধু ভুল ধরে নিজেরা কোনো কাজ করে না, তাই তাদের নাম দিয়েছি আমি ভুল ধরা পার্টি। এই ধরনের ভুল ধরা পার্টি রাঙ্গুনিয়ায়ও আছে। তাদেরকে এখন দেখা যাচ্ছে না, ভোট আসলে দেখা যাবে, তখন তাদের জিজ্ঞেস করতে হবে এতদিন কোথায় ছিল?

তিনি আরও বলেন, আওয়ামী লীগ খেটে খাওয়া ও মেহনতি মানুষের দল। গরিব মানুষ ভোট দিয়ে আমাদের দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে, তাই আমাদের দল গরিব মানুষের কথা ভাবে, অনেকে গরিব মানুষের কথা ভাবে না। আমাদের দল এবং সরকার জনগণের পাশে আছে এবং থাকবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর