বাংলাদেশ-শ্রীলঙ্কা মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪৯৩ রান করে ইনিংস ঘোষণা করে লঙ্কানরা। চতুর্থ দিনের চতুর্থ ওভারে রমেশ মেন্ডিস আউট হওয়ার সঙ্গে সঙ্গেই ইনিংস ঘোষণা করে তারা।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন টাইগার ওপেনার তামিম ইকবাল। আগ্রাসী ব্যাটিংয়ে ৫৭ বলে ৮ চারে ক্যারিয়ারের ৩১তম হাফসেঞ্চুরির দেখা পান তামিম। তামিম যখন রান করে যাচ্ছিলেন সেসময় বিদায় নেন সাইফ।
প্রথম টেস্টের দুই ইনিংসে ০ ও ১ রান করে সাইফ দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৬২ বল খেলে ৪ চার ও ১ ছয়ে ২৫ রান করে ফিরেন। প্রবীণ জয়াবিক্রমার বলে ধনঞ্জয়া ডি সিলভার হাতে ক্যাচ দিয়ে ফিরেন সাইফ।
এরপর রানের খাতা না খুলে ফিরেন নাজমুল হোসেন শান্ত। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ক্যারিয়ারের অভিষেক সেঞ্চুরি হাঁকিয়েছিলেন শান্ত। পরের দুই ইনিংসে ডাক মারলেন তিনি। ৪ বল খেলে রমেশ মেন্ডিসের বলে লাহিরু থিরিমান্নের হাতে তালুবন্দি হয়ে ফিরেন তিনি।
শান্তর বিদায়ের পর তামিমকে সঙ্গ দিতে মাঠে নামেন অধিনায়ক মুমিনুল হক। তারা দুইজন রানের গতি বাড়িয়ে নিতে থাকেন। অন্যদিকে তামিম হাফসেঞ্চুরিকে সেঞ্চুরিতে পরিণত করার লড়াই করে যাচ্ছিলেন। কিন্তু নড়বড়ে নব্বইয়ের শিকার হয়ে সেঞ্চুরি বঞ্চিত হলেন তামিম।
১৫০ বলে ১২ চারে ৯২ রান করে প্রবীণ জয়াবিক্রমার বলে থিরিমান্নের হাতে ক্যাচ দিয়ে ফিরেন তিনি। এর আগে প্রথম টেস্টে ৯০ ও অপরাজিত ৭৪ রান করেছিলেন তামিম। তামিমের বিদায়ের পর হাফসেঞ্চুরির কাছে গিয়ে বিদায় নেন মুমিনুল হক ও মুশফিকুর রহিম।
প্রবীণ জয়াবিক্রমার বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরেন মুশফিক। তিনি ৬২ বলে ৭ চারে ৪০ রান করেন। অন্যদিকে রমেশ মেন্ডিসের বলে এলবিডাব্লিউ হন মুমিনুল। তিনি ১০৪ বলে ৭ চারে ৪৯ রান করেন।
মুশফিক-মুমিনুলের বিদায়ের পর তাসের ঘরের মত ভেঙে পড়ে বাংলাদেশের উইকেট। ১১ বলে ৮ রান করে লাহিরু থিরিমান্নের হাতে ধরা পড়ে জয়াবিক্রমার চতুর্থ শিকার হন লিটন দাস।
অভিষেক ম্যাচে জয়াবিক্রমা পাঁচ উইকেট শিকারের কীর্তি গড়েন মেহেদী হাসান মিরাজকে ফিরিয়ে। ১৬ রান করে এলবিডাব্লিউ হয়ে ফিরেন মিরাজ। রানের খাতা না খুলে এলবিডাব্লিউ হয়ে জয়াবিক্রমার ৬ষ্ঠ উইকেটের শিকার হন তাসকিন আহমেদ।
তাসকিনের মত রানের খাতা খুলতে ব্যর্থ হন শরিফুল ইসলাম। সুরাঙ্গা লাকমলের বলে বোল্ড হয়ে ফিরেন তিনি। ৯ রান করে লাকমলের দ্বিতীয় শিকার হন তাইজুল ইসলাম। এতে ২৫১ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। লঙ্কানদের চেয়ে ২৪২ রানে পিছিয়ে বাংলাদেশ। এর ফলে ফলো অনে পড়েছে টাইগাররা।
বার্তাবাজার/নব