রৌমারীতে প্রতিবেশির গাছের আম ছেঁড়ায় ৭ বছর বয়সের আবু হাসান নামের এক শিশুকে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকেলে রৌমারী উপজেলার সদর ইউনিয়নের নটানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই দিন রাতেই নির্যাতনের শিকার ওই শিশুর মা হাসিনা বেগম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। নির্যাতিত শিশুটি বর্তমানে রৌমারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
নির্যাতিত শিশুটি রৌমারী সদর ইউনিয়নের নটানপাড়া গ্রামের সাদা মিয়ার ছেলে।
নির্যাতিত শিশুটির মা হাসিনা বেগম অভিযোগ করে বলেন, শুক্রবার বিকেলে অন্য শিশুদের সাথে বাড়ির পাশে খেলতে যায় শিশু সন্তান হাসান। এ সময় আবু সাঈদ নামের এক প্রতিবেশির আমগাছ থেকে একটি আম ছিঁড়ে ফেলে শিশুটি। এর জের ধরে প্রতিবেশি আবু সাঈদ ও আব্দুর রউফ শিশুটিকে মধ্যযুগীয় কায়দায় গাছের সাথে বেঁধে বেদম মারপিট করেন। এর আগে শিশুটি দু’পা ধরে মাটিতে ছুড়ে ফেলে। এতে মারাত্মক জখম হয় শিশুটি।
শিশুটির আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে আহতাবস্থায় শিশুটিকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি নির্যাতিত শিশুর স্বজনদের।
অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, এ ঘটনায় শিশুটিকে দেখতে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল।তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ইয়াছির আরাফাত নাহিদ/বার্তাবাজার/পি