মির্জা আব্বাসের ব্যাখ্যায় বিএনপি সন্তুষ্ট নয়

বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ এম ইলিয়াস আলী গুমের ইস্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের দেওয়া এক বিতর্কিত বক্তব্যে বিএনপি বেশ বিব্রতকর অবস্থায় আছে। এজন্য দলের পক্ষ থেকে তার কাছে চাওয়া হয়েছিল ব্যাখ্যাও।

মির্জা আব্বাস দলের নির্দেশ মান্য করে চিঠিতে লিখিত জবাব দেন। কিন্তু তার ব্যাখ্যায় দল সন্তুষ্ট হতে পারেনি বলে জানা গেছে। তবে দলের অনেক নেতার অভিমত মির্জা আব্বাস যে বক্তব্য দিয়ে বিতর্কিত হয়েছিলেন তার জন্য তিনি হাইকমান্ডের কাছে ভুল স্বীকার করে ক্ষমা পেয়েছেন।

একইসঙ্গে দলের পক্ষ থেকে কড়া সতর্কবার্তা দেয়া হয়েছে, দলের কাছে সবাই গুরুত্বপূর্ণ হলেও কেউই অপরিহার্য নয় এবং কেউ কাউকে ‘জমা-খরচ’ না দিয়ে চললেও দলের কাছে সবার জবাবদিহি করতে হবে।

ইলিয়াস আলী গুমের ৯ম বর্ষে অনলাইনে এক আলোচনা সভায় মির্জা আব্বাস বলেন, ‘ইলিয়াস আলী নিখোঁজের পেছনে দলের (বিএনপি) একটা অংশ জড়িত। সরকার ইলিয়াস আলীকে অপহরণ করেনি।’

তার এমন বিস্ফোরক মন্তব্যে বেশ নড়াচড়া শুরু হয় দলের ভেতরে বাইরে। এরপর দলের পক্ষ থেকে চাপে পড়ে পরদিন (১৮ এপ্রিল) নিজের শাহজাহানপুরের বাসভবনে সংবাদ সম্মেলন করেন মির্জা আব্বাস। সেখানে তিনি দাবি করেন, মিডিয়ায় তার বক্তব্য খণ্ডিত করে প্রচার করা হয়েছে। যদিও হাইকমান্ডের পক্ষ থেকে মির্জা আব্বাসকে একটি লিখিত চিঠি দেয়া হয়েছিল, বলা হয়েছিল সংবাদ সম্মেলনে তিনি শুধু ওই চিঠি পাঠ করবেন। কিন্তু সেটা না করে তিনি তার ‘মনমতো’ বক্তব্য দেন বিধায় আরও নাখোশ হয় হাইকমান্ড।

এরপর গত ২২ এপ্রিল মির্জা আব্বাসকে ওই বক্তব্যের লিখিত ব্যাখ্যা দিতে দলের পক্ষ থেকে আরেকটি চিঠি দেয়া হয়। ২৬ এপ্রিল তিনি চিঠির জবাব দেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর