বাংলাদেশ-শ্রীলঙ্কা মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪৯৩ রান করে ইনিংস ঘোষণা করেছে লঙ্কানরা। ৪ উইকেট হারিয়ে ৪৬৯ রান করে তৃতীয় দিন শেষ করেছিল লঙ্কানরা।
চতুর্থ দিনের চতুর্থ ওভারে রমেশ মেন্ডিস আউট হওয়ার সঙ্গে সঙ্গেই ইনিংস ঘোষণা করে তারা। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন টাইগার ওপেনার তামিম ইকবাল। অন্য প্রান্তে আগলে রাখেন সাইফ হাসান।
আগ্রাসী ব্যাটিংয়ে ৫৭ বলে ৮ চারে ক্যারিয়ারের ৩১তম হাফসেঞ্চুরির দেখা পান তামিম। তামিম যখন রান করে যাচ্ছিলেন সেসময় বিদায় নেন সাইফ। প্রথম টেস্টের দুই ইনিংসে ০ ও ১ রান করে সাইফ দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৬২ বল খেলে ৪ চার ও ১ ছয়ে ২৫ রান করে ফিরেন। প্রবীণ জয়াবিক্রমার বলে ধনঞ্জয়া ডি সিলভার হাতে ক্যাচ দিয়ে ফিরেন সাইফ।
এরপর রানের খাতা না খুলে ফিরেন নাজমুল হোসেন শান্ত। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ক্যারিয়ারের অভিষেক সেঞ্চুরি হাঁকিয়েছিলেন শান্ত। পরের দুই ইনিংসে ডাক মারলেন তিনি। ৪ বল খেলে রমেশ মেন্ডিসের বলে লাহিরু থিরিমান্নের হাতে তালুবন্দি হয়ে ফিরেন তিনি।
এরপর তামিমকে সঙ্গ দিতে মাঠে নামেন অধিনায়ক মুমিনুল হক। তারা দুইজন রানের গতি বাড়িয়ে নিতে থাকেন। অন্যদিকে তামিম হাফসেঞ্চুরিকে সেঞ্চুরিতে পরিণত করার লড়াই করে যাচ্ছিলেন।
কিন্তু নড়বড়ে নব্বইয়ের শিকার হয়ে সেঞ্চুরি বঞ্চিত হলেন তামিম। ১৫০ বলে ১২ চারে ৯২ রান করে প্রবীণ জয়াবিক্রমার বলে থিরিমান্নের হাতে ক্যাচ দিয়ে ফিরেন তিনি। এর আগে প্রথম টেস্টে ৯০ ও অপরাজিত ৭৪ রান করেছিলেন তামিম।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান। মুমিনুল ৩০ ও মুশফিক ১২ রান নিয়ে ক্রিজে আছেন।
বার্তাবাজার/নব