বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। এদিকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন রিজভীর স্ত্রী আরজুমান আরা বেগম।
শনিবার (১ মে) সকালে তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়। রিজভীর ব্যক্তিগত সহকারি আরিফুর রহমান তুষার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
রুহুল কবির রিজভী অসুস্থ হয়ে পড়লে অসুস্থ স্বামীর পাশে থেকে দিনরাত সেবা দিয়ে যাচ্ছিলেন আরজুমান আরা। বুধবার হাসপাতালে থাকাকালীন তিনি বুকে ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাকে স্কয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।
স্কয়ার হাসপাতালের ডাক্তার মাহবুব মনসুরের অধীনে তার চিকিৎসা চলে। সুস্থ হওয়ায় আজ তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে।
অন্যদিকে প্রায় দেড়মাস পর করোনামুক্ত হয়েছেন রিজভী। তার শারীরিক অবস্থার আর উন্নতি হয়েছে। রিজভীর ব্যক্তিগত সহকারি আরিফুর রহমান তুষার বলেন, তার অক্সিজেন স্যাচুরেশন এখন ভালো। ফুসফুসের ইনফেকশনও ভালোর দিকে। তাছাড়া তার শারীরিক অন্য কোনো সমস্যা এখন নেই। কিছুদিনের মধ্যে তিনি হাসপাতাল থেকে ছাড়া পাবেন।
বার্তাবাজার/নব