শ্রমিক দিবসে সড়কে ঝড়লো শ্রমিকের প্রাণ, গুরুতর আহত ২

লালমনিরহাটের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় ইয়াসিন আলী বাবু (৩২) নামের একজন শ্রমিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন সাথে থাকা অপর দুই জন শ্রমিক।

শনিবার (১ মে) সকালে উপজেলার ভোটমারী রেলস্টেশন সংলগ্ন ভাকারি ব্রিজে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন আলী বাবু উপজেলার ভোটমারী ইউনিয়নের উত্তর মুশরত মদাতী গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

এ ঘটনায় আহতরা হলেন নিহত ইয়াসিনের ছোট ভাই ইমরান (২৫) ও একই গ্রামের জাহেদুর রহমান (৩৫)।

জানা যায়, শ্যালো মেশিনে ধান মাড়াই করে ওই গাড়িতে ভাইসহ দুই জনকে নিয়ে বাড়ি ফিরছিলেন কৃষক ইয়াসিন আলী বাবু। এসময় ভোটমারী রেলস্টেশন সংলগ্ন ভাকারি ব্রিজ এলাকায় পৌঁছালে বুড়িমারী থেকে ছেড়ে আসা একটি ট্রাক ধাক্কা দিলে ধান মাড়াই গাড়িটি উল্টে যায়। এতে কৃষক ইয়াসিন আলী বাবু ও তার ছোট ভাই ইমরান ও একই গ্রামের জাহেদুর রহমান গুরুতর আহত হন।

এরপর ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ইয়াসিন আলী বাবুকে মৃত ঘোষণা করেন। অপর দুই জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর