লকডাউনের পর জনস্বার্থের কথা বিবেচনায় রেখে সরকার ঈদকে সামনে রেখে গণপরিবহন চালুর ব্যাপারে চিন্তা ভাবনা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (১ মে) ওবায়দুল কাদের তার সরকারি বাস ভবন থেকে নিয়মিত ব্রিফিংকালে এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আন্দোলন, বিক্ষোভে না গিয়ে পরিবহন মালিক শ্রমিকদের ধৈর্য ধরতে হবে। সরকার আপনাদের কথাও ভাবছে।
এর আগে গতকাল শুক্রবার (৩০ এপ্রিল) শতভাগ স্বাস্থ্যবিধি মেনে দ্রুত গণপরিবহন চালুর দাবিতে রোববার সারাদেশে বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
পাশাপাশি আগামী মঙ্গলবার সারাদেশের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন পরিবহন শ্রমিকরা।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে ৫ এপ্রিল থেকে লকডাউন জারি করে সরকার। যা চলে ১৩ এপ্রিল পর্যন্ত। এ সময় সরকারি-বেসরকারি অফিস, শিল্পকারখানা, গণপরিবহন চালু ছিল।
এরপর ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউন জারি করে সরকার। যা আগামী ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। ১৪ এপ্রিল থেকে সরকারি-বেসরকারি অফিস ও গণপরিবহন বন্ধ রয়েছে।
বার্তাবাজার/নব