তামিমের টানা চতুর্থ হাফসেঞ্চুরি, ২ উইকেট নেই বাংলাদেশের

বাংলাদেশ-শ্রীলঙ্কা মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪৯৩ রান করে ইনিংস ঘোষণা করেছে লঙ্কানরা। ৪ উইকেট হারিয়ে ৪৬৯ রান করে তৃতীয় দিন শেষ করেছিল লঙ্কানরা।

চতুর্থ দিনের চতুর্থ ওভারে রমেশ মেন্ডিস আউট হওয়ার সঙ্গে সঙ্গেই ইনিংস ঘোষণা করে তারা। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন টাইগার ওপেনার তামিম ইকবাল। অন্য প্রান্তে আগলে রাখেন সাইফ হাসান।

আগ্রাসী ব্যাটিংয়ে টানা চতুর্থ হাফসেঞ্চুরি তুলে নেন তামিম। এই সিরিজের তিন ইনিংস ও এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ইনিংসে হাফসেঞ্চুরি হাঁকিয়েছিলেন তামিম। ৫৭ বলে ৮ চারে ক্যারিয়ারের ৩১তম হাফসেঞ্চুরির দেখা পান তামিম।

তামিম যখন রান করে যাচ্ছিলেন সেসময় বিদায় নেন সাইফ। প্রথম টেস্টের দুই ইনিংসে ০ ও ১ রান করে সাইফ দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৬২ বল খেলে ৪ চার ও ১ ছয়ে ২৫ রান করে ফিরেন। প্রবীণ জয়াবিক্রমার বলে ধনঞ্জয়া ডি সিলভার হাতে ক্যাচ দিয়ে ফিরেন সাইফ।

এরপর রানের খাতা না খুলে ফিরেন নাজমুল হোসেন শান্ত। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ক্যারিয়ারের অভিষেক সেঞ্চুরি হাঁকিয়েছিলেন শান্ত। পরের দুই ইনিংসে ডাক মারলেন তিনি। ৪ বল খেলে রমেশ মেন্ডিসের বলে লাহিরু থিরিমান্নের হাতে তালুবন্দি হয়ে ফিরেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৭ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৯ রান। তামিম ৭০ রানে ক্রিজে আছেন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর