করোনাভাইরাসের সংক্রমণে অতি ঝুঁকিপূর্ণ বিবেচিত দেশগুলো ছাড়া বিশেষ শর্তসাপেক্ষে শনিবার (১ মে) থেকে আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইটসমূহ পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ শনিবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে করোনাভাইরাস সংক্রমণের হার বিবেচনায় ৩৮টি দেশে গমনাগমনের ওপর বিশেষ শর্ত আরোপ করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পক্ষ হতে আন্তর্জাতিক ফ্লাইটসমূহ চালুর সিদ্ধান্ত হয়েছে।
ভারতের সঙ্গে এয়ার বাবল চুক্তির আওতায় চলাচলকারী ফ্লাইটগুলো স্থগিত রাখা হয়েছে এবং অতি ঝুঁকিপূর্ণ দেশগুলোর সঙ্গে সাময়িক যোগাযোগ বিচ্ছিন্ন এবং ঝুঁকিপূর্ণ দেশগুলো থেকে আগত যাত্রীদের ১৪ দিনের ‘প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিন’ বাধ্যতামূলক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তালিকা বহির্ভূত দেশগুলো থেকে আসা যাত্রীদেরকে পিসিআর নেগেটিভ সনদ আনা সাপেক্ষে ১৪ দিন ‘হোম কোয়ারেন্টিন’ কঠোরভাবে পালনের জন্য বলা হয়েছে। তবে ব্যতিক্রম হিসেবে মধ্যপ্রাচ্যের তিনটি দেশ (কাতার, বাহরাইন ও কুয়েত) ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় থাকা সত্ত্বেও সেখান থেকে আসা যাত্রীরা বর্তমানে চলমান তিন দিনের প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিন ব্যবস্থাপনা অনুসরণ করবেন। পরবর্তীতে স্বাস্থ্য পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে বাকি ১১ দিন হোম কোয়ারেন্টিন অথবা আইসোলেশন থাকার জন্যে বিবেচিত হবেন।
এই ব্যবস্থাপনার মাধ্যমে আটকে পড়া অভিবাসী যাত্রীরা নিজ নিজ গন্তব্য বা কর্মস্থলে যাওয়ার সুযোগ পাচ্ছেন বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে। একই সঙ্গে বিজ্ঞপ্তিতে স্বাস্থ্যবিধি ও অন্যান্য শর্তসমূহ কঠোরভাবে বাস্তবায়ন ও নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।
বার্তাবাজার/নব