ভারতে সংক্রমণের বিশ্বরেকর্ড, একদিনে ৪ লাখের বেশি আক্রান্ত

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল অবস্থা ভারতের। দেশটিতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ভারতে সংক্রমণের বিশ্বরেকর্ড হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ৪ লাখ ১ হাজার ৯৯৩ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। যা দেশটিতে একদিনে ও বিশ্বে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। একই সময়ে মারা গেছেন ৩ হাজার ৫২৩ জন।

এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৯১ লাখ ৬৪ হাজার ৯৬৯ জন। দেশটিতে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ১১ হাজার ৮৫৩ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ লাখ ৯৯ হাজার ৯৮৮ জন। মোট সুস্থ হয়েছেন ১ কোটি ৫৬ লাখ ৮৪ হাজার ৪০৬ জন। বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ৩২ লাখ ৬৮ হাজার ৭১০ জন।

শনিবার (১ মে) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতে করোনায় আক্রান্তের তালিকায় শীর্ষে আছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে ৬২ হাজার ৯১৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এরপর তালিকায় আছে কেরালা, কর্ণাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু এবং দিল্লি।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর