বাংলাদেশিদের সিঙ্গাপুর ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। শুক্রবার (৩০ এপ্রিল) দেশটির আন্তঃমন্ত্রণালয় করোনা টাস্কফোর্স এ নিষেধাজ্ঞার কথা জানিয়েছে। বাংলাদেশ ছাড়াও নেপাল, পাকিস্তান ও শ্রীলংকার ওপরও এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২ মে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। ওই ৪ দেশ থেকে কেউ সিঙ্গাপুরে প্রবেশ করতে পারবেন না। এসব দেশে যারা গত ১৪ দিনে ভ্রমণ করেছেন, এমনকি যারা ট্রানজিট ভিসায় প্রবেশের অপেক্ষায় আছেন এবং এই চার দেশ ভ্রমণ করেছেন তারাও ২ মে থেকে সিঙ্গাপুরে প্রবেশ করতে পারবেন না।
সিঙ্গাপুর কর্তৃপক্ষের কাছ থেকে যারা সিঙ্গাপুরে প্রবেশের আগাম অনুমতি নিয়েছেন, তাদের ক্ষেত্রেও ওই নিষেধাজ্ঞা কার্যকর হবে। আগে থেকে অনুমতি নিয়ে রাখলেও সিঙ্গাপুরে প্রবেশ করতে দেওয়া হবে না।
বার্তাবাজার/পি