শ্রমিকদের বেতন-বোনাস ঠিকসময়ে পরিশোধ করুন: জিএম কাদের

মহান মে দিবসকে কেন্দ্র করে দেশের পাশাপাশি বিশ্বের খেটে খাওয়া সব মানুষ ও শ্রমিকদের প্রতি গভীর শ্রদ্ধা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপ-নেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

শুক্রবার (৩০ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাপা চেয়ারম্যান এসব কথা বলেন।

তিনি বলেন, মহামারি করোনাকালে ও মে দিবসের তাৎপর্য অনুসরণ করে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের প্রতি সবাই সদয় থাকুন। এসময় রমজান এবং ঈদকে সামনে রেখে শ্রমিকদের বেতন ও বোনাস ঠিকসময়ে পরিশোধ করার জন্য মালিকদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, মে দিবস আমাদের সত্য ও ন্যায়ের পথে অবিচল রাখতে সাহায্য করে। শ্রমিকের ওপর নির্যাতন ও বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ করতে করতে সাহায্য করে মে দিবস। যারা শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে, মে দিবস তাদের প্রতিরোধ করতে শেখায়। এছাড়া যেকোনো ন্যায্য দাবি আদায়ে শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

জাতীয় পার্টির চেয়ারম্যান আশা প্রকাশ করে বলেন, করোনার এই দুঃসময় বেশিদিন থাকবে না। প্রকৃতি আবারও স্বাভাবিক হবে, নিরাপদ হবে আমাদের প্রিয় পৃথিবী। যেকোনো পরিস্থিতিতে জাপা দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাবে।

 

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর