ধারাল দা দিয়ে মাকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেফতার

কুমিল্লায় মানসিক ভারসাম্যহীন ছেলে তার মাকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় জেলার বরুড়া উপজেলার শালুকিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পথে রাতে ওই নারীর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ইমান হোসেনকে (৩৬) গ্রেফতার করেছে। শুক্রবার দুপুরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় শালুকিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ইমান হোসেন (শাবু) ধারাল দা দিয়ে কুপিয়ে তার মা মমিনা বেগমকে (৬৮) মারাত্মক আহত করে। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর অবস্থার অবনতি ঘটায় রাতে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শুক্রবার দুপুরে বরুড়া থানার ওসি ইকবাল বাহার মুজমদার গণমাধ্যমকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাকে হত্যার অভিযোগে ইমান হোসেন সাবুকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর