করোনা ভাইরাস সংক্রমণের উর্ধ্বগতি রোধে সারাদেশে সরকার আরোপিত বিভিন্ন বিধিনিষেধ চলছে। জরুরিসেবা দেওয়া প্রতিষ্ঠান বাদে বাকি সকল সরকারি-বেসরকারি অফিস, গণপরিবহন বন্ধ থাকবে আগামী ৫ মে পর্যন্ত।
এদিকে লকডাউনের বিধিনিষেধ শেষ হওয়ার পর ঈদের আগে সরকারি অফিস খোলার সুযোগ থাকবে মাত্র তিনদিন। এই সময়ে সরকারি অফিস খুলতে চাচ্ছে না সরকার। তবে গণপরিবহন ও আন্তঃজেলা বাস চলাচলের বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে চলছে আলোচনা-সমালোচনা।
চাঁদ দেখা মতে আগামী ১৩ বা ১৪ মে দেশে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। আগামী ৫ মে লকডাউনের মেয়াদ শেষে ঈদের আগে কর্মদিবস পাওয়া যাবে ৬ (বৃহস্পতিবার), ৯ (রোববার) ও ১১ মে (মঙ্গলবার)। ৭ ও ৮ মে হচ্ছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। এরপর ১০ মে (সোমবার) হচ্ছে শবে কদরের ছুটি।
রমজান মাস ২৯ দিনে হলে ঈদুল ফিতর হবে ১৩ মে। এক্ষেত্রে ১৩ ও ১৪ মে (বৃহস্পতি ও শুক্রবার) ঈদের ছুটি থাকবে।
তবে রমজান মাস ৩০ দিন হলে ঈদের ছুটি আরও একদিন বাড়বে, সেক্ষেত্রে ১৫ মে (শনিবার) ছুটি থাকবে। এ অবস্থায় চলমান লকডাউন ঈদের ছুটি পর্যন্ত গড়াবে বলে জানা গেছে। মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্নিষ্ট একাধিক কর্মকর্তা বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঈদের আগে সরকারি অফিস, আদালত না খোলার বিষয়ে ভাবছে সরকার।
বার্তাবাজার/ই.এইচ.এম