ছাত্রলীগ নেতার করা মামলায় কথিত সাংবাদিক বাবু গ্রেপ্তার
ছাত্রলীগ নেতার দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আবারো গ্রেপ্তার হয়েছে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কথিত সাংবাদিক ইফতেখার আহম্মেদ খাঁন বাবু।
আজ শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরে তাকে ঘোড়াঘাট উপজেলা সংলগ্ন ওসমানপুর বাজার থেকে গ্রেপ্তার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। এ সময় তার কাছে থেকে একটি এন্টিকাটার উদ্ধার করে পুলিশ।
জানা যায়, গত মঙ্গলবার (২৭ এপ্রিল) দিনাজপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম ইমতিয়াজ ইনান দিনাজপুরের কোতয়ালী থানায় তিন জনের নাম উল্লেখ করে এবং আরো ৩-৪ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামী করে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করে। এই মামলাতেই ডেল্টা টাইমস্ পত্রিকার কথিত সাংবাদিক ইফতেখার আহম্মেদ খাঁন বাবু কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার বাদী এবং দিনাজপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম ইমতিয়াজ ইনান বলেন, গত ২৪ এপ্রিল ঘোড়াঘাট থানা পুলিশ একটি ট্রাক আটক করে এবং ট্রাকটি থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। ঘটনার দুইদিন পর ২৭ এপ্রিল দৈনিক ডেল্টা টাইমস্ পত্রিকার ৮ম পাতায় এবং দিনাজপুরের স্থানীয় দৈনিক স্বর্ণসকালসহ আরো বেশ কয়েকটি অনলাইন পোর্টালে ‘দিনাজপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের ট্রাক ফেনসিডিলসহ আটক’ শিরোনামে ভূয়া খবর প্রচার হয়। এছাড়াও নিউজে তারা উল্লেখ করে, ছাত্রলীগ নেতা গোলাম ইমতিয়াজ ইনানের ট্রাক থেকে ৪১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ক্ষমতাসীন দলের হস্তক্ষেপে ৪১০ বোতল ফেনসিডিল হয়ে যায় মাত্র ১০ বোতল।
ছাত্রলীগ নেতা ইনান আরো বলেন, আমার মালিকানাধীন কোন ট্রাক নেই এবং আটককৃত ফেনসিডিলের সাথে আমার কোন সম্পর্ক নেই। তবুও নাম সর্বস্ব ওই পত্রিকার দিনাজপুর এবং ঘোড়াঘাট প্রতিনিধি সমন্বয়ে আমার নাম জড়িয়ে এবং আমাকে হেয় করার উদ্দেশ্য মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করেন। ফলে আমার এবং বাংলাদেশ ছাত্রলীগসহ বর্তমান সরকারের সুনাম ক্ষুন্ন হওয়ায় আমি মামলা দায়ের করেছি।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেন, দিনাজপুর সদর থানার একটি মামলায় আমরা দুপুরে ওসমানপুর বাজার থেকে একটি এন্টিকাটারসহ আসামী বাবুকে গ্রেপ্তার করেছি। শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরেই বাবুকে দিনাজপুর সদর থানায় হস্তান্তর করার জন্য প্রেরণ করা হয়েছে।
মোঃ লোটাস আহম্মেদ/বার্তাবাজার/পি